কয়েক দিন ধরে শীতের তীব্রতা কিছুটা কমলেও ভোর ও সকালের দিকে এখনো হালকা শীত অনুভূত হচ্ছে। এর মধ্যেই দেশের চারটি বিভাগে দুই দিনের জন্য বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখন গুরুত্বহীন হয়ে পড়েছে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২২ ফেব্রুয়ারি) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আংশিক মেঘলা আকাশসহ দেশজুড়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

