রাজধানীর বায়ুমান ফের মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কুয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ২৬৬ স্কোরে রয়েছে, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে রয়েছে।
আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে স্কোর ৫৫৯। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর (৩৬৭), চতুর্থ স্থানে কিরগিজস্তানের বিশকেক (২৩৪) এবং পঞ্চম স্থানে ভারতের কলকাতা (২২৮)।
একিউআই স্কোর অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের মতে, ‘খুব অস্বাস্থ্যকর’ পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও বাড়ির বাইরে কার্যক্রম সীমিত রাখা উচিত।
ঢাকার বাতাসে দূষণের এই হ্রাস-বৃদ্ধির কারণে বিশেষজ্ঞরা নগরবাসীকে স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

