আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ২০টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। সোমবার (২১ এপ্রিল) সকালে সংস্থাটির বজ্রপাতসংক্রান্ত সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, সকাল ৮টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় ঝড় ও বজ্রপাতের সময় করণীয় হিসেবে আবহাওয়া অধিদপ্তর ১০টি পরামর্শ দিয়েছে:
১. বজ্রপাত শুরু হলে ঘরের ভেতরে অবস্থান করুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।
৪. নিরাপদ আশ্রয়ে যান।
৫. গাছের নিচে দাঁড়ানো বা আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন।
৬. কংক্রিটের মেঝেতে শোয়া এবং কংক্রিটের দেয়ালে হেলান দেওয়া থেকে বিরত থাকুন।
৭. ইলেকট্রনিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে দ্রুত সরে আসুন।
৯. যেকোনো বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং এই নির্দেশনাগুলো মেনে চললে ঝড়বৃষ্টি ও বজ্রপাতজনিত দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে জানিয়েছে।
একুশে সংবাদ// আ.ট//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

