সোহম চক্রবর্তীকে ঘিরে পুরনো একটি সিনেমার অগ্রিম অর্থ ফেরত নিয়ে টলিউডে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিনেতার অভিযোগ, এক প্রযোজকের কাছ থেকে তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, ঘটনার শুরু ২০১৮ সালের একটি বাংলা সিনেমা নিয়ে। মহুয়া চক্রবর্তী পরিচালিত ওই ছবিতে অভিনয়ের জন্য সোহমকে অগ্রিম ১৫ লাখ টাকা দেওয়া হয়েছিল। পরে পরিচালক দাবি করেন, প্রযোজকের আচরণে অসন্তুষ্ট হয়ে তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ সময় পার হলেও সিনেমাটির কাজ আর এগোয়নি।
সাম্প্রতিক প্রযোজক তরুণ দাস অগ্রিম দেয়া ১৫ লাখ টাকা ফেরত চান বলে অভিযোগ। কিন্তু সোহমের দাবি, নিয়ম অনুযায়ী কাজ শুরু হয়ে গেলে বা অভিনেতা নিজে সরে না দাঁড়ালে সেই টাকা ফেরত দেয়ার বাধ্যবাধকতা নেই। তাই তিনি টাকা ফেরত দিতে রাজি হননি। অন্যদিকে প্রযোজকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুটিংয়ের জন্য একাধিকবার ডেট চাওয়া হলেও সোহম তা দেননি, যার কারণে কাজ এগোয়নি।
মঙ্গলবার (১৯ মে) রাতে বিতর্ক আরও বাড়ে। সোহমের অভিযোগ, ওই রাতে প্রযোজক তাকে ফোন করে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এরপরই তিনি বিষয়টি আইনি পথে নেয়ার সিদ্ধান্ত নেন। ঘটনাটি এখন টলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

