দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে আলোচনায় ছিল সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের সম্পর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নানা জল্পনা-কল্পনা ও প্রশ্নের অবসান ঘটিয়ে সম্প্রতি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই তারকা জুটি। গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে তারা জানান দিয়েছেন নিজেদের ভালোবাসার গল্প।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী জেফার রহমানের প্রশংসায় ভরপুর ছিলেন রাফসান সাবাব। জেফারের ছোট ছোট যত্ন তার কাছে কতটা অর্থবহ, সে কথাই উঠে এসেছে তার বক্তব্যে।
রাফসান বলেন, ‘সে যদি আমাকে এক গ্লাস পানিও ঢেলে খাওয়ায়, সেটাও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তার ভালোবাসা প্রকাশের ধরন খুব স্বাভাবিক, আর সেটা আমি সহজেই অনুভব করতে পারি।’

জেফারের ক্যারিয়ার ও ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘উনি একজন সংগীতশিল্পী। উনি যখন কাজ শুরু করেছেন, তার অনেক পরে আমি এই জগতে এসেছি। আমার জীবনে তার উপস্থিতি এবং এক্সিস্টেন্স অনেক বড় একটা ব্যাপার।’
সংসার জীবনের নতুন এই অধ্যায় রাফসানের পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানান তিনি। স্ত্রীকেই নিজের অনুপ্রেরণার প্রধান উৎস হিসেবে উল্লেখ করে এই উপস্থাপক বলেন,
‘খুব ভালো লাগছে। আমার এখন আলাদা একটা অনুপ্রেরণার জায়গা তৈরি হয়েছে। আমি আমার স্ত্রীর কাছ থেকে অনেক কিছু শিখছি, অনুপ্রাণিত হচ্ছি। এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি।’

উল্লেখ্য, জেফার রহমান দেশের প্রথম ইউটিউবভিত্তিক সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর প্লেব্যাকেও নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। অন্যদিকে রাফসান সাবাব তার সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। এই দুই তারকার মিলনকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

