কুড়িগ্রামের রাজীবপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলম (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মরিচাকান্দি এলাকার মরিচাকান্দি মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবপুর থানার এসআই গোলক চন্দ্র ও এসআই আব্দুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক শাহ আলম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর পশ্চিম গোয়ালকান্দা গ্রামের রফিকের ছেলে।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আলম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে রাজীবপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক-সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

