সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কারকালীন সময়ে তাঁদের ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থানও নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন পরিসংখ্যান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের তারেক রহমান এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের হাসিবুর রহমান। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক ও যোগাযোগ সম্পাদক ছিলেন।
রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাঁদের চার সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এ সময় তাঁরা ক্যাম্পাসে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।
তিনি আরও জানান, তারেক রহমানের শাহপরাণ হলের আবাসিক আসন বাতিল করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী ভবিষ্যতে তিনি আর কোনো হলে আবাসনের জন্য আবেদন করতে পারবেন না।
এর আগে গত রোববার একই ঘটনায় তারেক রহমান ও হাসিবুর রহমানকে ছাত্রদলের দলীয় পদ থেকেও বহিষ্কার করা হয়।
গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাহপরাণ হলের আবাসিক ছাত্র খাইরুল খন্দকারকে মারধরের অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। অভিযোগ, হল ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এ ঘটনা ঘটে।
মারধরের পর আহত খাইরুল খন্দকারকে সিলেট নগরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

