ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। সুপারস্টার কমল হাসানের মেয়ে তিনি। দীর্ঘদিন ধরেই শান্তনু হাজারিকার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। তারা কখনই তাদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। বরং দুজনকে প্রায় একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায়। কিন্তু এই জনপ্রিয় তারকা জুটি কবে বিয়ের পিঁড়িতে বসছেন? বিয়ের কথা উঠতেই কী জানালেন শ্রুতি?
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিয়ের প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘বিয়ে শব্দটায় ভীষণ ভয় পাই। বিয়ের সঙ্গে এত কিছু জড়িত আছে যে আমি এই বিষয়ে ভাবতেই চাই না। আমি ওর সঙ্গে ভালো আছি, একসঙ্গে ভালো কাজ করছি, ভালো সময় কাটাচ্ছি। এটা বিয়ের থেকে অনেক ভালো নয়?’
শান্তুর সঙ্গে সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে শ্রুতি বলেন, ‘শান্তনু এবং আমি আমাদের মতো করে বাঁচি। আমরা কোনো সামাজিক নিয়মের ধার ধারি না। লোকজন আমাদের বিয়ে নিয়ে কী ভাবছে আর কী ভাবছে না সেটাও ভাবি না। আমরা যতক্ষণ ভালো বন্ধু আছি, একে অন্যের পাশে আছি, একে অন্যকে সম্মান করছি ততক্ষণ তো আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না।’

অভিনেত্রী আরও বলেন, ‘কঠিন সময়ে আমরা একে অন্যের পাশে থাকি। লড়াইয়ে কেউ আপনার পাশে থাকলে ভালো লাগে।’
এদিকে কাজের দিক দিয়ে শ্রুতিকে আগামীতে দেখা যাবে প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমাতে।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

