সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ফল প্রকাশ করে।
প্রকাশিত ফলাফলে জেলাভিত্তিকভাবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, চট্টগ্রাম জেলা থেকে সর্বাধিক ২ হাজার ৮০৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর পরেই রয়েছে কুমিল্লা (২ হাজার ৫৬৪ জন), কুড়িগ্রাম (২ হাজার ৪৬০ জন), দিনাজপুর (২ হাজার ৪২১ জন), গাইবান্ধা (২ হাজার ২৯৫ জন), সিরাজগঞ্জ (২ হাজার ১২৩ জন) এবং সুনামগঞ্জ জেলা (২ হাজার ৬০ জন)।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে সারা দেশে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। একই সঙ্গে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছিল।
গত বছরের ৫ ও ১২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি একযোগে ১ হাজার ৪০৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এই নিয়োগে ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে আবেদন জমা পড়ে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী।
সম্পূর্ণ ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

