ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ড. জুবায়দুর রহমান। রোববার (২৪ মে) ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তাকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেন। পরে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন এবং ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হন।
ড. জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতেও ভিজিটিং প্রফেসর ছিলেন।
বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি বিভিন্ন দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগ বাস্তবায়নেও ভূমিকা রাখেন তিনি।
বর্তমানে ড. জুবায়দুর রহমান জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ও উপাচার্যের দায়িত্ব পালন করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

