সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বা নবম পে-স্কেল নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা জোরদার হয়েছে। দীর্ঘদিন পর নতুন পে-স্কেল ঘোষণার সম্ভাবনায় চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
স্বাধীনতার পর ১৯৭৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে মোট আটটি জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর নতুন পে-স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে সেটি বিলম্বিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালে নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এ লক্ষ্যে একটি ১০ সদস্যের বিশেষ কমিটি সম্ভাব্য বেতন কাঠামো ও আর্থিক প্রভাব বিশ্লেষণ করছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের আলোচনা রয়েছে। এছাড়া বিভিন্ন গ্রেডে বর্তমানের তুলনায় উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।
সম্ভাব্য বেতন কাঠামোর কিছু অংশ নিচে তুলে ধরা হলো—
গ্রেড বেতন স্কেল (টাকা)
০১ ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)
০২ ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা
০৩ ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা
০৪ ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা
০৫ ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা
০৬ ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা
০৭ ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা
০৮ ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা
০৯ ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা
১০ ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা
১১ ২৫,০০০ – ৬০,৫০০ টাকা
১২ ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা
১৩ ২৪,০০০ – ৫৮,০০০ টাকা
১৪ ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা
১৫ ২২,৮০০ – ৫৫,২০০ টাকা
১৬ ২১,৯০০ – ৫২,৯০০ টাকা
১৭ ২১,৪০০ – ৫১,৯০০ টাকা
১৮ ২১,০০০ – ৫০,৯০০ টাকা
১৯ ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা
২০ ২০,০০০ – ৪৮,৪০০ টাকা
তবে সংশ্লিষ্টরা বলছেন, এই তালিকা এখনো প্রাথমিক পর্যায়ের আলোচনা ও প্রস্তাবের অংশ। সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা যাবে না।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে-স্কেল বাস্তবায়ন সরকারের জন্য বড় আর্থিক চ্যালেঞ্জ হতে পারে। তবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

