বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় রেল নেটওয়ার্ক আধুনিকায়ন ও পুনর্বাসনে ২ হাজার ২৮ কোটি টাকার একটি বড় প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম ধাপ)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে। পুরো ব্যয় সরকারি তহবিল থেকে বহন করা হবে।
পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, প্রকল্পের মূল লক্ষ্য হলো নিরাপদ ও নির্ধারিত গতিতে ট্রেন চলাচল নিশ্চিত করা, যাত্রী ও পণ্য পরিবহন সেবার মান উন্নয়ন এবং দীর্ঘমেয়াদে রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো।
বর্তমানে পশ্চিমাঞ্চলীয় রেলপথের বড় অংশ পুরোনো অবকাঠামোর ওপর নির্ভরশীল। অনেক রেললাইনে ক্ষয়, ফাটল ও স্লিপার নষ্ট হওয়ার কারণে ট্রেন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। কিছু এলাকায় দুর্ঘটনা এড়াতে ট্রেনের গতিসীমাও কমিয়ে আনতে হয়েছে।
প্রকল্পের আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলপথে পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে জয়দেবপুর, ঈশ্বরদী, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, রাজশাহী ও মধ্যপাড়া সংযোগ রুটগুলো অগ্রাধিকার পাবে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও নিরাপদ ও কার্যকর হবে। একই সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আঞ্চলিক রেল যোগাযোগ এবং পণ্য পরিবহন ব্যবস্থাও শক্তিশালী হবে।
প্রকল্প এলাকা রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের একাধিক জেলায় বিস্তৃত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, এটি দেশের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থার পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

