বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বর্তমানে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে অকটেন ও পেট্রোলের তৎকালীন কোনো সংকট নেই। পেট্রোল সম্পূর্ণভাবে দেশেই উৎপাদিত ও পরিশোধিত হয়। অকটেনের বড় অংশও দেশের পরিশোধন কেন্দ্র থেকে পাওয়া যায়, কিছু অংশ আমদানি করতে হয়। আর ডিজেল ও ফার্নেস অয়েল মূলত আমদানির ওপর নির্ভরশীল। তিনি জানান, পেট্রোল পাম্পে লম্বা লাইনের কারণে যে উদ্বেগ তৈরি হয়েছে তা যৌক্তিক নয়। কারণ এখন পর্যন্ত কোনো পাম্পে জ্বালানি ঘাটতি দেখা যায়নি এবং দামও বাড়েনি।
তিনি আরও বলেন, “যে দুটি জাহাজে জ্বালানি আসার কথা ছিল, তার একটি গতরাতে এসে পৌঁছেছে, আরেকটি আজ দুপুরে খালাস হবে। ১২ মার্চ আরেকটি জাহাজ আসবে। বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত কোনো সংকট নেই, এবং রোজা ও ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সরকার সতর্ক রয়েছে।”
প্রতিমন্ত্রী জানান, ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিয়মিত আসছে। ভারতকে অনানুষ্ঠানিকভাবে আরও জ্বালানি সরবরাহ বাড়ানোর অনুরোধ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “অসাধু চক্রের কার্যক্রম নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতে দরকার হলে দাম বাড়ানোর বিষয়ে জনদুর্ভোগ না হয়, সে জন্য সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও জানিয়েছেন, রাইড শেয়ার ব্যবহারকারীদের সুবিধার্থে সরকার প্রতিদিন ৫ লিটার করে তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

