জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে বিস্তারিত পরে জানানো হবে।
কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে জানা গেছে, রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা এক হত্যা মামলায় শিরীন শারমিন চৌধুরীর নাম রয়েছে। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। টিপু মুনশি বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়া শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। পরবর্তীতে তিনি টানা চার দফায় এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে সংসদ ভেঙে দেওয়া হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

