রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুমে নিরাপদ চলাচল নিশ্চিত করতে শিক্ষার্থীদের সাঁতার শেখার গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার নেতৃত্বে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গোয়ালন্দ সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, দৌলতদিয়া মডেল হাই স্কুল এবং দৌলতদিয়া চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রয়োজনীয়তা, নিরাপদ পরিবেশে ও অভিভাবকের উপস্থিতিতে সাঁতার শেখার কৌশল এবং জলাশয়ে নিরাপদ আচরণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি নদী, পুকুর ও খালে চলাচলের সময় করণীয়, বর্ষা মৌসুমে বাড়তি সতর্কতা, নৌযান ব্যবহারের নিরাপত্তাবিধি এবং জলদুর্ঘটনা এড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় শিক্ষার্থীদের অপ্রয়োজনে গভীর পানিতে না নামা, সাঁতার না জানলে একা পানিতে প্রবেশ না করা এবং নৌযানে চলাচলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়। যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত অভিভাবক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, “দেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, বিশেষ করে শিশু-কিশোর, পানিতে ডুবে প্রাণ হারায়। সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ আচরণ নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।”
তিনি আরও বলেন, নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
ওসি ত্রিনাথ সাহা জানান, জলদুর্ঘটনা কমিয়ে শিক্ষার্থীদের নিরাপদ রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নিয়মিত এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

