সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) রায়গঞ্জ থানার উদ্যোগে বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএর যৌথ সহযোগিতায় বাস্তবায়নাধীন PREVAIL প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান।
রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে করিম।
সভায় পুলিশ নারী হেল্পডেস্কের কার্যক্রম, নারী ও শিশুদের জন্য বিদ্যমান সেবা, অভিযোগ গ্রহণের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার উপায় সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
পাশাপাশি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সহিংসতার শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা হয়।
বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ অপরিহার্য। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভুক্তভোগীদের দ্রুত আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। পুলিশ নারী হেল্পডেস্কের মাধ্যমে নারী ও শিশুরা সহজেই প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা গ্রহণ করতে পারেন বলেও তাঁরা উল্লেখ করেন।
সচেতনতামূলক সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

