AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাস টার্মিনাল সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ সিসিক প্রশাসকের


Ekushey Sangbad
মনির হাসান (আবির), সিলেট
০৪:০৬ পিএম, ২২ জুলাই, ২০২৬

বাস টার্মিনাল সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ সিসিক প্রশাসকের

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে অবিলম্বে সড়কটি সংস্কারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সাময়িকভাবে চলাচল স্বাভাবিক রাখতে সিটি করপোরেশনের উদ্যোগে গর্ত ভরাটের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২২ জুলাই) সকালে নগরের কদমতলীতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন সিসিক প্রশাসক। এ সময় সড়কের বড় বড় গর্ত ও বৃষ্টির পানিতে সেগুলো ডুবে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “এটি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রধান প্রবেশপথ। প্রতিদিন অসংখ্য যানবাহন এই সড়ক ব্যবহার করে। কিন্তু এখানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যার মধ্যে পানি জমে রয়েছে।”

তিনি বলেন, অনেকেই প্রশ্ন করতে পারেন, সিটি করপোরেশনের প্রশাসক হয়েও কেন তিনি শুধু সমস্যা দেখাচ্ছেন। এর জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট সড়কটি সিটি করপোরেশনের নয়, সড়ক ও জনপথ বিভাগের অধীন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “হুমায়ুন রশীদ চত্বর থেকে মেন্দিবাগ, কুপারপাড়া হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়কটির মালিক সওজ। আমরা বারবার এটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের অনুরোধ করেছি, যাতে অন্যান্য নগর সড়কের মতো এটি সংস্কার করা যায়। কিন্তু অজ্ঞাত কারণে সওজ সড়কটি হস্তান্তর করছে না। আবার সংস্কারের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে না।”

তিনি আরও বলেন, “সড়কের মালিক কোন সংস্থা, সেটা মানুষ দেখতে চায় না। মানুষ ভালো সড়ক চায়, নিরাপদে চলাচল করতে চায়।”

সওজকে উদ্দেশ করে তিনি বলেন, “আমি আবারও অনুরোধ করছি, অবিলম্বে এই সড়ক সংস্কার করুন। গতকালও সওজ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখিনি।”

সাময়িক সমাধান হিসেবে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগকে গর্ত ভরাটের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থায়ী সংস্কারের দায়িত্ব সওজকেই নিতে হবে। তা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

পরিদর্শনকালে সিলেটের পরিবহন মালিক ও শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, সিলেটের সভাপতি মঈনুল হক বলেন, টার্মিনাল এলাকার প্রায় এক কিলোমিটার সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে সেখানে পানি জমে থাকায় প্রায়ই যানজট হচ্ছে এবং যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, টার্মিনাল এলাকাসহ নগরের ভাঙাচোড়া সড়কের প্রাথমিক সংস্কারকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়াও চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!