দিনাজপুরের পার্বতীপুরে মানবিক উদ্যোগে প্রসূতি মাকে হাসপাতাল থেকে মুক্ত করলেন স্হানীয় একদল সাংবাদিক।
জানা গেছে,পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুর মাঝাপাড়া গ্রামের মোঃ সজিবের স্ত্রী জান্নাতুন আক্তার জুই ও তার ৬ দিন বয়সের শিশু সন্তানকে চিকিৎসা নিতে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডে ৬ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার (৭ জুলাই) সকালে শিশুটি মারা যায়। শিশুটির চিকিৎসা খরচের টাকা দিতে ব্যর্থ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মা জান্নাতুল আক্তার জুইকে হাসপাতালের একটি বিশেষ কক্ষে আটক রেখে মৃত শিশুটিকে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করেন।
এদিকে জান্নাতুল আক্তারকে ছেড়ে না দেয়ায় মৃত শিশুটির জানাজা ও দাফন কাজও বন্ধ থাকে সন্ধ্যা পর্যন্ত। ভুক্তভোগী জান্নাতুল জুইয়ের এলাকার একজন শুভাকাঙ্ক্ষী বিষয়টি স্হানীয় সাংবাদিকদের জানালে সাংবাদিকগণ ভুক্তভোগী নারীকে উদ্ধারের জন্য তৎপর হয়ে ওঠেন।
সমস্যাটি সম্পর্কে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন সাংবাদিকগণকে আশ্বস্ত করে বলেন,আপনাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন নাই, আমি নিজেই ব্যবস্থা নিচ্ছি।
তিনি এক ঘণ্টার মধ্যে মৃত শিশুর মাতা জান্নাতুল আক্তার জুইকে বিনা টাকায় রিলিজ দিতে অনুরোধ করেন ল্যাম্ব হাসপাতাল কর্তৃপক্ষকে। তিনি উপজেলা পরিষদের তহবিল থেকে হাসপাতালের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। হাসপাতাল কর্তৃপক্ষও নির্বাহী কর্মকর্তা আহবানে সাড়া দিয়ে ভুক্তভোগীকে রিলিজ দেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

