নাটোরের বনপাড়া পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে ৮ কোটি ৬৫ লাখ টাকার সড়ক, ড্রেন ও সড়কবাতি নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এ উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো. জুবায়ের জাহাঙ্গীর, পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিন, পৌর প্রকৌশলী মো. জুবায়ের মাহবুব, উপসহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, উপসহকারী প্রকৌশলী রাউফুল ইসলাম, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।
প্রকল্পের আওতায় মহিষভাঙ্গা কাশেম সাহেবের পুকুর থেকে মহিষভাঙ্গা বটতলা পর্যন্ত চারটি লিংক রোডসহ মোট ৩ হাজার ৫৬৬ মিটার সড়কে বিটুমিনাস কার্পেটিং, ২ হাজার ১৫৩ মিটার আরসিসি ড্রেন নির্মাণ এবং সংশ্লিষ্ট সড়কে আধুনিক সড়কবাতি স্থাপন করা হবে।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪৬ লাখ ৩ হাজার ৬২ টাকা। তবে দরপত্র প্রক্রিয়া শেষে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ২৮৩ টাকা। মেসার্স হোসেন এন্টারপ্রাইজ নির্মাণকাজ বাস্তবায়ন করছে। প্রকল্পটির অর্থায়ন করছে বিশ্বব্যাংক, ব্যবস্থাপনায় রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং বাস্তবায়ন করছে বনপাড়া পৌরসভা।
বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মহিষভাঙ্গা এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে, জলাবদ্ধতা কমবে এবং নগরবাসীর চলাচল আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক হবে। পাশাপাশি আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে এবং পৌর এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

