জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধে গ্রাম্য সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে এক বিএনপি নেতার মুরগির খামার ও ছাগলের শেড ঘরে হামলা, ভাঙচুর, দুটি খড়ের পালায় অগ্নিসংযোগ এবং পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে।
গত শুক্রবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোবারক হাসান বাদী হয়ে তার ভাই রেজাউল হককে প্রধান করে ৯ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে শুক্রবার সন্ধ্যায় সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তারাকান্দি পুরাতন বাজার এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে মোবারক হাসান দীর্ঘদিন ধরে তার বাড়ির বাইরের অংশে মুরগি ও ছাগল পালনের জন্য খামার স্থাপন করে রেখেছেন। ওই জমি নিয়ে তার সহোদর ভাই রেজাউল করিম, তার ছেলে নাঈম, মৃত শামসুল হকের ছেলে আব্দুল জলিল, জহির ও শহীদসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। তারা ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের দাবি মেনে না নেওয়ায় শুক্রবার সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে মুরগির খামার ও ছাগলের দুটি শেড ভাঙচুর করেন। একই সঙ্গে দুটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন এবং পরিবারের সদস্যদের মারধর করেন।
এ ঘটনায় মোবারক হাসান (৬৭), রেনুকা বেগম (৫০), খোরশেদ আলম (৪০) ও উর্মি (২৫) জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে মোবারক হাসান ঘটনার সত্যতা স্বীকার করে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বিচার প্রার্থনা করেছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

