সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় প্রদর্শনী খামার স্থাপনের জন্য সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ প্রকল্পের সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্যচাষ প্রযুক্তির সম্প্রসারণ, আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহ প্রদান এবং স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রকল্পের আওতায় প্রদর্শনী খামার স্থাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে নির্বাচিত সুফলভোগীদের প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি ও চাষিদের স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সুফলভোগীদের সঠিকভাবে উপকরণ ব্যবহার করে সফল মৎস্য খামার গড়ে তোলার আহ্বান জানান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

