কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর হাতে দুই বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট আটকের পর তা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ভূরুঙ্গামারী সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশের একটি গলিতে একটি অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। এ সময় অটোরিকশা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা বলে অভিযোগ থাকা দুই বস্তা কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বিএনপি কর্মী আরিফ হোসেন সেখানে এসে জোরপূর্বক চকলেটের বস্তাগুলো নিজের জিম্মায় নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, আটকের সময় অটোরিকশায় থাকা কাজী মারুফ দাবি করেন, সীমান্ত এলাকা থেকে চকলেটগুলো আরিফ হোসেনের বাড়িতে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে আরিফ ঘটনাস্থলে এসে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাসহ তাদের নিয়ে চলে যান।
পরে বিষয়টি ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনকে জানানো হলে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই অভিযান চালায়। অভিযানে এক বস্তা চকলেট উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "অভিযান চালিয়ে এক বস্তা চকলেট উদ্ধার করা হয়েছে। আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল বলেন, আরিফ হোসেন বিএনপির কর্মী। তবে ঘটনার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

