AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক প্রধান শিক্ষককে সরিয়ে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘লুটের রাজত্ব’



সাবেক প্রধান শিক্ষককে সরিয়ে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘লুটের রাজত্ব’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে গত দুই বছর ধরে চরম বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদ্যালয়টির তৎকালীন প্রধান শিক্ষক মফিজুল হককে জোরপূর্বক পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই শুরু হয় এ অচলাবস্থা।

অভিযোগ রয়েছে, একটি স্বার্থান্বেষী চক্র মফিজুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ওই বছরের ২৪ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করে। এরপর ওই চক্রের সদস্য শাহজালাল সাজু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় বিদ্যালয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

লিখিত অভিযোগে জানা যায়, ৪ একর ৫৫ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নিজস্ব মার্কেটে ৬৫টি দোকান ও গুদামঘর রয়েছে। নিয়মবহির্ভূতভাবে এসব দোকান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ কয়েকজন প্রভাবশালী শিক্ষক নিজেদের ও পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সাধারণ ব্যবসায়ীদের সুযোগ না দিয়ে ভাড়ার লাখ লাখ টাকা আত্মসাৎ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুর নামেই তিনটি দোকানঘর বরাদ্দ রয়েছে। এসব ভাড়ার অর্থের ক্ষেত্রে কোনো ধরনের স্বচ্ছতা বা জবাবদিহিতা নেই।

আরও অভিযোগ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৩ সালের ৩১ জুলাইয়ের নীতিমালা অমান্য করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজু নিজ ক্ষমতাবলে এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে ‘লোকাল বেতন’ নামে স্কুল তহবিলের প্রায় ১৬ লাখ টাকা আত্মসাতের সুযোগ করে দিয়েছেন। অথচ প্রভাতি শাখার চাকরিচ্যুত ১০ জন শিক্ষকের বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি।

এ ছাড়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থের ১৫ শতাংশ ভ্যাটের নামে আত্মসাৎ, ব্যবহারিক পরীক্ষার আয়ের অর্থ যন্ত্রপাতি ক্রয়ের নামে ব্যয় দেখানো এবং পিকনিকের নামে ১ লাখ ৪০ হাজার টাকা গ্রহণ করে মাত্র ৬০ হাজার টাকা ব্যয় দেখিয়ে বাকি ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।

এসব আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে চলতি বছরের ৪ মার্চ জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন মুজিবুর রহমান নামে এক ব্যক্তি। অভিযোগের পর জেলা শিক্ষা কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করলেও চার মাস পেরিয়ে গেলেও এখনও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

তবে পীরগঞ্জে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল্লাহ জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুর বিরুদ্ধে করা অভিযোগের প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনও প্রস্তুত হয়নি।

এদিকে সাবেক প্রধান শিক্ষক মফিজুল হককে সাময়িক বরখাস্ত করার পর প্রায় দুই বছর পার হতে চললেও তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি। উল্টো তাকে ঠাকুরগাঁও সদরের দুটি রাজনৈতিক মামলায় আসামি করে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ রয়েছে। ৪৩ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে মফিজুল হক বলেন, “আমি শিক্ষক মানুষ। আমাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরক মামলায় আমাকে কারাভোগ করতে হয়েছে।”

স্থানীয়দের দাবি, তদন্তের নামে কেবল সময়ক্ষেপণ করা হচ্ছে। এর ফলে মফিজুল হক বিদ্যালয়ের বাইরে থাকছেন এবং বর্তমান চক্রটি বিদ্যালয়ের অর্থ ও সম্পদ ব্যবস্থাপনায় একচ্ছত্র প্রভাব বিস্তার করছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বিদ্যালয়ের সার্বিক বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী সরদার বলেন, “সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি দোকানসংক্রান্ত বিষয়গুলো জেনেছি। দোকানের ভাড়ার তহবিল থেকে শিক্ষকরা পদ-পদবি অনুযায়ী বাড়িভাড়া ভাতা গ্রহণ করে থাকেন। যদিও তারা এমপিওভুক্ত শিক্ষক এবং সরকারিভাবে বেতন পান। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের নজরে আনা হয়েছে। তিনি বিধি অনুযায়ী পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে কেউ প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্যায্য সুবিধা নিতে না পারেন। আর মফিজুল হকের বিষয়টি হাইকোর্টে বিচারাধীন থাকায় এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!