শেরপুরের নালিতাবাড়ীতে খরিপ-২ মৌসুমে আমন ধান, মসলা, ফল ও সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খান।
এ ছাড়া কৃষি উদ্যোক্তা তুলিপ, স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সুধীজন উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪ হাজার ৪১৫ জন কৃষককে বিভিন্ন কৃষি উপকরণ দেওয়া হবে। এর মধ্যে আমন ধান চাষের জন্য ২ হাজার জন, মরিচ চাষের জন্য ৭০ জন, লেবু চাষের জন্য ৫০ জন, বৃক্ষরোপণের জন্য ৫৪৫ জন এবং শাকসবজি উৎপাদনের জন্য ১ হাজার ৭৫০ জন কৃষক প্রণোদনা সহায়তা পাবেন।
আমন ধান চাষের জন্য প্রতিটি কৃষককে ৫ কেজি উন্নতমানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, এবারই প্রথম ধান উৎপাদনের জন্য কৃষকদের মাঝে রাশিয়ান সাদা এমওপি সার বিতরণ করা হচ্ছে।
মরিচ চাষের জন্য প্রতিটি কৃষককে এক প্যাকেট বীজ, দুই প্যাকেট বালাইনাশক ও ১০ কেজি সার দেওয়া হবে। শাকসবজি উৎপাদনের জন্য কৃষকদের সাত প্যাকেট বিভিন্ন জাতের সবজির বীজ সরবরাহ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৫৪৫ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হবে। এছাড়া ৫০ জন কৃষকের মাঝে লেবুর চারা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা কৃষকদের যথাযথভাবে প্রদত্ত উপকরণ ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

