খুলনার লবণচরা এলাকায় গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরার দশগেট এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিক দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে এবং বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি দোকানে বসে ছিলেন রফিক। এ সময় হেলমেট পরিহিত এক যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, তাদের বড় ছেলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তাকে খুঁজতে গিয়ে না পেয়ে রফিক দোকানে বসেছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা এসে তাকে গুলি করে। তিনি দাবি করেন, তার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
অন্যদিকে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার পর আশপাশের দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং প্রত্যক্ষদর্শীরা কেউ তথ্য দিতে আগ্রহী নন।
তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। তদন্তের মাধ্যমে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

