গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নলডাঙ্গা রেলস্টেশন ও ১ নম্বর রেলগেটসংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ডিইও) মো. মুনজুরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রেলওয়ে পুলিশ ও সাদুল্লাপুর থানা পুলিশ সহযোগিতা করে।
রেলওয়ের সার্ভেয়ার আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের একাধিকবার এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তাগিদ দেওয়া হলেও তারা কোনো পদক্ষেপ নেননি। এছাড়া উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এর আগে নলডাঙ্গা বন্দর ও আশপাশের এলাকায় ব্যাপকভাবে মাইকিং করা হয়েছিল।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনজুরুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অভিযান পরিচালিত হয়েছে। দীর্ঘদিন ধরে নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৫০টির বেশি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় রেলওয়ের ফিল্ড কানুনগো মো. ফোরকানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

