মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় রেজিয়া বেগম (৯৮) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই বৃদ্ধার মেয়ে রোকেয়া বেগম (৬৫) তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করেছেন।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম ওই গ্রামের মৃত ছোবাহান মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, নিহত রেজিয়া বেগমের চার ছেলে ও তিন মেয়ে। এর মধ্যে অভিযুক্ত মেয়ে রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীন। তার স্বামীও মারা গেছে। তিনি মায়ের বাড়িতেই থাকতেন। মঙ্গলবার সকালে ধারালো দা দিয়ে তিনি মায়ের মাথায় কুপিয়ে তাকে হত্যা করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এ ঘটনায় নিহত বৃদ্ধার মেয়ে রোকেয়া বেগমকে হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

