কুষ্টিয়ার মিরপুরে কুখ্যাত মাদক সম্রাট জাহিদকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় মিরপুর থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মশান এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় এবং গাড়ি থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন—মিরপুর থানার এএসআই শামসু ও এএসআই ফারুক। তারা বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় মিরপুর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। রাত সাড়ে ৯টার দিকে মশান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তার প্রাইভেটকার থামিয়ে তল্লাশির চেষ্টা করে।
এ সময় জাহিদ ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ তাকে আটক করতে গেলে তিনি এএসআই শামসু ও এএসআই ফারুকের ওপর অতর্কিত হামলা চালান এবং তাদের মারধর করে আহত করেন।
ঘটনার পর পুলিশ সদস্যরা বিষয়টি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামকে অবহিত করেন। পরে রাত ১০টার দিকে ওসি তদন্ত আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাঁড়াশি অভিযান পরিচালনা করে মশান এলাকা থেকে অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তার প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“মিরপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশের দুই কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
তিনি আরও জানান, আসামির কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

