মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতিবিরোধী জনমত সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক মো. মাসুদুর রহমান।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুদক মাদারীপুরের সহকারী পরিচালক মো. আরিফুর হোসেন। কর্মশালা সঞ্চালনা করেন দুদকের উপসহকারী পরিচালক সাদিয়া সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদুর রহমান বলেন, দুর্নীতি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় প্রতিবন্ধক। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, দুদকের উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেনসহ মাদারীপুর, শরীয়তপুর জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১ টি কমিটির সদস্যবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

