পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় তুহিন হাওলাদার নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পুরাতন বাজারসংলগ্ন নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তুহিনের বাবা মনির হাওলাদার ও মা শেফালী বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ২০২৫ সালের শেষ দিকে শেফালী বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে মনির হাওলাদার কারাগারে যান। সর্বশেষ কোরবানির ঈদের এক সপ্তাহ আগে তিনি আবারও কারাগারে যান এবং বর্তমানে সেখানে রয়েছেন।
এদিকে তুহিনের মা দক্ষিণ চরমোন্তাজে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের তিন সন্তানের মধ্যে তুহিন ছিল বড়। তার দুই ছোট বোনও মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকায় কিশোরটি বাড়িতে একাই বসবাস করত বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিবেশীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে তারা খোঁজ নিতে যান। পরে ঘরের ভেতরে গলায় গামছা পেঁচানো অবস্থায় তুহিনের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তুহিনের মা শেফালী বেগম বলেন, সম্প্রতি ছেলের সঙ্গে তার কোনো কথা হয়নি। তিনি জানান, তুহিনের মোবাইল ফোনও বন্ধ ছিল। এছাড়া কিছুদিন আগে স্থানীয় একটি ঘটনার জেরে তাকে নিয়ে সালিশও হয়েছিল বলে দাবি করেন তিনি।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

