মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার উত্তরসুর এলাকায় দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (প্রায় ৩৫) মৃত্যু হয়। এ ঘটনায় সামছু মিয়া (৩০) নামে আরও একজন আহত হয়েছেন। আহতদের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে।
এর আগে শনিবার বিকেলে একই স্থানে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
সেখান থেকে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত ওই যুবকের নাম এনামুল মিয়া ফাহিম (২৫)। আহত অপরজন মো. সিয়াম (১৮)।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার দুপুরে ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রোববার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় আনা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি গতকালের ঘটনার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

