AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে চিকিৎসক ও নার্সের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ



মদনে চিকিৎসক ও নার্সের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

নেত্রকোনার মদনে চিকিৎসক ও নার্সের অবহেলায় দিলোয়ারা আক্তার (৭০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার  (৬জুন) দুপুরে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও মাঝপাড়া গ্রামের বাসিন্দা দিলোয়ারা আক্তার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। দুপুর ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় তার ছেলে রনি মিয়া ও বোন শাহিনা আক্তার উপস্থিত ছিলেন।

নিহতের ছেলে রনি মিয়া অভিযোগ করে বলেন, “আমার মাকে সকাল ১১টা ৪৫ মিনিটে হাসপাতালে নিয়ে আসি। তার তিন দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট ছিল। চিকিৎসক রোগী দেখে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে স্যালাইন দেওয়ার জন্য বারবার নার্সদের কাছে গেলেও তারা সময়মতো আসেননি। চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই আমার মায়ের মৃত্যু হয়েছে।”

নিহতের বোন শাহিনা আক্তারও একই অভিযোগ করে বলেন, “আমার বোনকে স্যালাইন দেওয়ার জন্য চারবার নার্সদের কাছে গিয়েছিলাম। কিন্তু তারা স্যালাইন দেননি।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স বানার দাস, মারজিয়া আক্তার ও হালিমা আক্তার। তারা বলেন, “চিকিৎসক যে নির্দেশনা দিয়েছিলেন, তার সবই রোগীকে দেওয়া হয়েছে। আমাদের কোনো অবহেলা ছিল না। রোগীর শারীরিক অবস্থা শুরু থেকেই গুরুতর ছিল। তার শ্বাসকষ্ট ও জ্বর ছিল। দ্রুত নেবুলাইজেশন দেওয়া হয়েছিল এবং পরে স্যালাইনও দেওয়া হয়। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।”

কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাসরিন সুলতানা প্রীতি বলেন, “রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি ওয়ার্ডে যাই। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা ছিল না।”

এ বিষয়ে জানতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নুরুল হুদা খান বলেন, “বিষয়টি শুনেছি। রোগীর অবস্থা শুরু থেকেই গুরুতর ছিল। তবে স্বজনরা লিখিত অভিযোগ দিলে চিকিৎসক বা নার্স—যার বিরুদ্ধেই অভিযোগ থাকুক না কেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নেত্রকোনার সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি আগামীকাল মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যাব।”

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!