ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন (ডিকেআইবি) এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কেটে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কালীগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ডিকেআইবি`র আয়োজনে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ডিকেআইবি`র কালীগঞ্জ উপজেলা শাখা ও ঢাকা অঞ্চল এর সভাপতি মোঃ মনির উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিকেআইবি’র গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান মিঠু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিকেআইবি’র উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাসান আলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, উপজেলায় কর্মরত সকল ডিপ্লোমা কৃষিবিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীবৃন্দসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ডিপ্লোমা কৃষিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্ব¡পূর্ণ। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা, উন্নত বীজ ও সার ব্যবহারে পরামর্শ প্রদান এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ডিপ্লোমা কৃষিবিদরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরোও বলেন, কৃষিবান্ধব নীতি বাস্তবায়ন এবং কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ডিপ্লোমা কৃষিবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান। পরে নেতৃবৃন্দ উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

