চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) সকালে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জের পিটিআই বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। তবে তিনি গত ৫ বছর ধরে ভোলাহাটের গোহালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ০৩ টার সময় ভোলাহাট থানাধীন গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ এমরান হোসেনের (৫৭) গোয়াল ঘরে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়।
এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চোর চোর বলে চিৎকার শুরু করেন এবং ফিরোজ আলী নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। তাদের চিৎকার শুনে গ্রামের উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ফিরোজ আলীকে গণধোলাই দেয়। এতে তিনি গুরুতর জখম হন।
এছাড়া মারধরের কারণে ফিরোজ আলীর অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ০৭ টা ১০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এছাড়া পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

