অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুতে একাধিক গাড়ি বিকল হওয়া এবং দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে যমুনা সেতু এলাকা থেকে মহাসড়কের পুংলী পর্যন্ত থেমে থেমে যান চলাচল করছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঝড়-বৃষ্টির কারণে রাত থেকেই সেতু এলাকায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। এর মধ্যে সেতুতে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ে এবং কয়েকটি দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সেতুতে অন্তত ১১টি গাড়ি বিকলের ঘটনা ঘটেছে। এছাড়া মঙ্গলবার সকালে উত্তরবঙ্গগামী লেনে একসঙ্গে চারটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো রেকার দিয়ে সরানোর কাজ চলছে।
এদিকে, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীর বলেন, “যমুনা সেতুতে গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে পুংলী পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।”
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

