ইসলামী ব্যাংক নিয়ে নতুন করে ষড়যন্ত্র ও ব্যাংক লুটপাটকারী এস আলম এবং তার দোসরদেরকে ব্যাংকিং খাতে পুনর্বাসনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।
রবিবার (২৪ মে) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুরের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত মাওনা চৌরাস্তায় ইসলামী ব্যাংক মাওনা শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ড. হারুনুর রশিদ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ড. হারুনুর রশিদ, ভবানীপুর এলাকার মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যাপক এমদাদুল হক, শিক্ষক আজিজুল হক মাস্টার, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মাসুম, কবির হোসেন মোল্লা, মনিরুজ্জামান সজীবসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের কোটি কোটি গ্রাহক ও আমানতকারীর স্বার্থে তাদের দাবি মেনে নিতে হবে। দাবিগুলো হলো ব্যাংক লুটেরাদের পুনর্বাসন প্রতিরোধ, পাচারকৃত ও আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধার, দ্রুত সাইফুল আলমকে (এস আলম) শাস্তির আওতায় এনে বিচার কাজ নিশ্চিত, ন্যায্য ও বৈধ মালিকানা পুন:প্রতিষ্ঠা, অবৈধভাবে নিয়োগকৃতদের পুন:প্রবেশ প্রতিরোধ, গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা ও নিশ্চয়তা দিতে হবে, বিতর্কিত আইনগত সুবিধা বাতিল ও ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয় এটি কোটি গ্রাহক, আমানতকারী, উদ্যোক্তা, রেমিট্যান্স এবং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আস্থার জায়গা। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে লুটপাট প্রতিরোধ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও শক্তিশালী অবস্থায় জনগণের ভালবাসা ও আস্থার জায়গায় পরিণত করতে হবে। যাতে করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পুনরায় কোনো অপশক্তি বা তার দোসরদের কবলে না পড়ে এবং আমানতকারীদের স্বার্থে সুরক্ষিত থাকে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

