জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে লিজা মনি (১০) ও ইয়াছিন (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ও চরপাকেরদহ ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহত লিজা মনি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বাবা রবিউল ইসলাম ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে ঝাড়কাটা নদীতে গোসল করতে নামেন। সকালে বৃষ্টিপাতের কারণে নদীতে স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে দুই শিশু ভেসে যায়। এ সময় বাবা ছেলে রিয়াদকে উদ্ধার করতে সক্ষম হলেও মেয়ে লিজা মনি নিখোঁজ হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে না পেরে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে দুপুর আড়াইটার দিকে নদী থেকে লিজা মনির মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে একই দিনে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় বাড়ির পাশের ডোবায় ডুবে ইয়াছিন (৩) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন ওই এলাকার জুসশেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে শিশুটির মা ভুট্টা শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে খেলতে খেলতে ইয়াছিন বাড়ির পাশের ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। পরে দুপুর ২টার দিকে ডোবায় শিশুটির মরদেহ দেখতে পান। উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হলে জানা যায়, সে আর বেঁচে নেই।
এ বিষয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রূপা আক্তার বলেন, “শিশুটির মা কাজ নিয়ে ব্যস্ত থাকায় সবার অগোচরে ইয়াছিন ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।”
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, “দুপুরে লিজা মনি নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।”
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে লিজা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

