যমুনা সেতুর ওপর একাধিক দুর্ঘটনার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ মে) ভোররাত থেকে সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রী ও পরিবহন চালকরা।
যমুনা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে প্রায় ৩০ হাজার ৬৭৯টি যানবাহন পারাপার হয়েছে।
তিনি বলেন, শুক্রবার ভোরে সেতুর ওপর দুটি যানবাহন দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানোর সময় ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
পরে সকাল সাড়ে ৭টার দিকে সেতুর ওপর আরও একটি দুর্ঘটনা ঘটে। সেটি উদ্ধার করতে অতিরিক্ত সময় লাগায় যানজট আরও বেড়ে গিয়ে সল্লা এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের আশা, দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

