চুয়াডাঙ্গায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর খান দর্শনা মোবারকপাড়া এলাকার মৃত বাদল খানের ছেলে।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানের তথ্য পেয়ে বিজিবির একটি বিশেষ টিম ওই এলাকায় অবস্থান নেয়।
এসময় আলমগীর খান সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
পরে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপে মোড়ানো দুটি প্যাকেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

