“বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না, বরং সমৃদ্ধ হয় জ্ঞান, চিন্তা ও মানবিকতায়”—এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করেই আয়োজন করা হয়েছে লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রার একক বইমেলা।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম হাইস্কুল মাঠে আগামী ১ ও ২ বৈশাখ এবং কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমধর্মী বইমেলা। নববর্ষের আনন্দঘন আবহে এমন উদ্যোগ ইতোমধ্যেই বইপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে।
এই একক বইমেলায় স্থান পাচ্ছে সাবরিনা শুভ্রার রচিত বিভিন্ন ধারার বই, যেখানে উঠে এসেছে সমাজের প্রতিচিত্র, মানবিক অনুভূতি, সমকালীন ভাবনা এবং জীবনঘনিষ্ঠ নানা গল্প। পাঠকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের পাশাপাশি লেখকের সৃষ্টিকর্মকে কাছ থেকে জানার সুযোগ তৈরি করবে এই আয়োজন।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে যখন বইপড়ার আগ্রহ কমে যাচ্ছে, তখন এমন উদ্যোগ নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু বই কেনাবেচার স্থান নয়, বরং পাঠাভ্যাস গড়ে তোলা, চিন্তার জগৎ প্রসারিত করা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি সচেতন প্রয়াস।
স্থানীয় শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বইমেলাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নতুন বছরের শুরুতেই বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ার এই সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
বইপ্রেমীদের জন্য এটি কেবল একটি আয়োজন নয়, বরং বোধ, চিন্তা ও স্বপ্নকে স্পর্শ করার এক অনন্য উৎসব।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

