বাগেরহাটের মোংলায় সন্ধ্যা ৭টায় সুন্দরবন ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এক মানবিক উদ্যোগের আয়োজন করা হয়। এ সময় ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে অবস্থিত জামিয়াতুসুন্নাহ কওমি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম হাওলাদার। তিনি মাদ্রাসার এতিম শিশুদের সহায়তায় নিজ হাতে নগদ অর্থ প্রদান করেন।
বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম হাওলাদার বলেন, “সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি বিশ্বাস করি, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। ভবিষ্যতেও আমি এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাহলেই আমরা একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে পারবো।”
এছাড়াও তিনি তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে অতিরিক্ত কিছু অর্থ মাদ্রাসার উন্নয়ন ও এতিম শিক্ষার্থীদের কল্যাণে দান করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ বিএনপি নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এ উদ্যোগকে সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

