ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটির আত্মপ্রকাশ ও ধামরাই উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা জেলা উত্তরের কমিটির একটি অংশের নেতা-সমর্থকদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫–২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয়।
ঘটনার পরপরই ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের অভিযোগ, কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে হামলা চালিয়েছে। তাদের দাবি, কিছু ব্যক্তি ‘জুলাইকে পুঁজি করে’ ব্যবসা করে আসছিলেন এবং কমিটিতে পদ না পেয়ে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।
এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, কমিটি আত্মপ্রকাশের ফলে অনেকের ‘জুলাই ব্যবসা’ বন্ধ হয়ে যাবে—এই ক্ষোভ থেকেই হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, “জুলাই ব্যবসায়ীদের এনসিপি কোনোভাবেই সমর্থন করে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে সাধারণ মানুষের ওপর এবং জুলাই শহীদদের পরিবারের ওপর, তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান স্পষ্ট।” এ ঘটনায় নবগঠিত কমিটির ১০ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে, ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের অভিযোগ, ঢাকা জেলা উত্তরের কমিটি গঠনের সময় স্থানীয় শাখাগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেন, “প্রায় ১৬ মাস ধরে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় আমাদের কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানতে চাইতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়।” হামলায় তিনি নিজেসহ ৯ জন আহত হয়েছেন বলে দাবি করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, “এনসিপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

