নওগাঁর নিয়ামতপুরে ভাইরাসজনিত সংক্রামক হাম রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর নিচপাড়া গ্রামে তরুণ সমাজসেবক ও নিয়ামতপুর উপজেলা শাখা যুবদল নেতা ডা. মোহাম্মদ আলফুয়াদ ইমনের উদ্যোগে এবং মামুন চেয়ারম্যান ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক ও যুবদল নেতা ডা. মোহাম্মদ আলফুয়াদ ইমন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, শ্রীমন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম, ডিএমএফ ডাক্তার আশিক হাসান ও রাকিব মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তরুণ সমাজসেবক ও যুবদল নেতা ডা. মোহাম্মদ আলফুয়াদ ইমন বলেন, হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। ফলে হামের জটিলতা হিসেবে পরবর্তী সময়ে নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহসহ নানা জটিলতা দেখা দিতে পারে; এমনকি শিশুর মৃত্যুও হতে পারে। এজন্য প্রতিটি শিশুর সময়মতো টিকাদান নিশ্চিত করা অভিভাবকদের দায়িত্ব।
তিনি আরও বলেন, একজন হাম আক্রান্ত ব্যক্তি থেকে প্রায় ১৮ জন সুস্থ মানুষ সংক্রমিত হতে পারে। আক্রান্ত শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো, মাস্ক ও গ্লাভস ব্যবহার করা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন তিনি। হাম থেকে শিশুকে রক্ষা করতে সচেতনতার কোনো বিকল্প নেই।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে হ্যান্ডবিল ও মাস্ক বিতরণ করা হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

