নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল)সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত কনস্টেবল এমরান বর্তমানে বাগেরহাটে কর্মরত। তার শ্বশুরবাড়ি নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, আহত কনস্টেবল বাগেরহাটে কর্মরত ছিলেন। তিনি রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সোমবার সকালে আহত পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের ইচ্ছানুযায়ী উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং দুপুর পৌনে ২টার দিকে তারা রোগীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

