যশোর সদর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং বাসটি থেমে যায়।
এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত দরজা ও জানালা দিয়ে নেমে যান। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাসটিকে সম্পূর্ণভাবে আগুনে পুড়তে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, বাসটি ছাড়ার আগে চালক ইঞ্জিনে ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

