পটুয়াখালীর বাউফলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলার মদনপুরা এলাকায় তাঁর নিজ বাসভবনে এ সহায়তা বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। প্রতিটি পরিবারকে এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
সহায়তা পাওয়া উপকারভোগীরা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা কিছুটা সহজ হবে।
বগা এলাকার বাসিন্দা জরিমন বিবি (৬৫) বলেন, “আগে কোনো সহায়তা পেতাম না। আজ এই টাকা পেয়ে সংসারের কিছুটা চাপ কমবে।”
সূর্যমনি এলাকার আবদুর রহিম (৬২) বলেন, “এভাবে আমাদের খোঁজ নিয়ে সহায়তা দেওয়ায় আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও এমন সহায়তা পেলে ভালো হয়।”
সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, সরকার থেকে প্রাপ্ত ১০ লাখ টাকা সম্পূর্ণ বিতরণের পাশাপাশি ব্যক্তিগতভাবে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অতিরিক্ত অর্থ সংগ্রহ করে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে সরকারের ১০ কেজি চালসহ অন্যান্য সহায়তা পেয়েছেন, তাদের এ কর্মসূচির আওতায় আনা হয়নি। বরং যারা এখনো কোনো সরকারি সহায়তা পাননি, তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

