আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সর্বস্তরের মানুষের মুখে হাসি ফোটাতে ব্যাপক পরিসরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও এ উদ্যোগ গ্রহণ করা হয়, যা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।
আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ), ২৩ রমজান থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৭ মার্চ), ২৭ রমজান পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগে ঈদের আনন্দ আরও সার্বজনীন হয়ে ওঠে। উপহার পেয়ে বিভিন্ন শ্রেণির মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক সম্প্রীতি ও অংশগ্রহণমূলক এ ধরনের উদ্যোগ স্থানীয় জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদের উৎসবকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

