মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা-এ প্রশাসন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর যৌথ অভিযানে একটি ভেজাল চা তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল চা পাতা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সিক্কা গ্রামে আব্দুর রহিম (৫৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দ করা ভেজাল চা পাতা ধ্বংস করা হয়।
প্রশাসন ও র্যাব সূত্রে জানা গেছে, বাড়ির ভেতরের কয়েকটি গুদাম থেকে দুই টনের বেশি ভেজাল চা পাতা উদ্ধার করা হয়। পরে র্যাবের উপস্থিতিতে পাশের একটি জমিতে সেগুলো নষ্ট করা হয়।
মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল চা তৈরির একটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চা পাতা উদ্ধার করা হয়েছে। ভেজাল খাদ্যপণ্য তৈরির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন বলেন, অভিযানে উদ্ধার হওয়া দুই টনের বেশি ভেজাল চা পাতা ধ্বংস করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

