পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা ও কালীমূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবনসাহার কাচারি এলাকায় অবস্থিত মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত হঠাৎ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এতে মন্দিরের একটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে হিন্দু-মুসলিমদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বহিরাগত দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তারা। ঘটনার পর বাউফল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছে।
পুলিশ জানায়, সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে এবং মন্দির প্রাঙ্গণে ফরেনসিক পরীক্ষা চালাবে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

