AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক বিজয়ী



দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতীক ছিল তালা। তিনি মূলত বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন। বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় জনগণের চাপে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং বিজয়ী হন।

এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপি প্রার্থী ডা. আব্দুল আহাদ। তিনি ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট পেয়েছেন। তাঁর প্রতীক ছিল শাপলা কলি। একই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান পেয়েছেন ৯৭ হাজার ৭২৭ ভোট।

এই আসনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিজয়ী প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী এজেডএম রেজওয়ানুল হক পার্বতীপুর উপজেলার অধিবাসী এবং দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।

নির্বাচনে প্রার্থী হয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে ব্যাপক উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলাকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপরাধীদের কবল থেকে মুক্ত করে শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। ক্ষমতায় গেলে এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

এক সাক্ষাৎকারে এজেডএম রেজওয়ানুল হক বলেন, বড়পুকুরিয়া কয়লা খনি, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে উত্তোলিত সম্পদের লুটপাট বন্ধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এলাকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হবে।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ও তাঁর নেতা-কর্মীরা নির্বাচন কমিশনের আইন ও আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

জুলাই আন্দোলন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন দেশের ছাত্র-জনতা ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামের ফল। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে তিনি দৃঢ় অবস্থান নেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচন নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও একটি অশুভ শক্তির কারণে ধানের শীষ প্রতীক থেকে বঞ্চিত হয়েছেন। তবুও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি সরকার ও নির্বাচন কমিশনের কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

দিনাজপুর-৫ আসনটি পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে ২টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটকেন্দ্র ১৪১টি।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৪ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

এ আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত ব্যারিস্টার একেএম কামরুজ্জামান, এনসিপির ডা. আব্দুল আহাদ, জাতীয় পার্টির কাজী মো. আব্দুল গফুর, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জাকারিয়া বাচ্চু, অ্যাডভোকেট মো. হযরত আলী বেলাল এবং মো. রুস্তম আলী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!